কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জমিতে আটকে থাকা পানি থেকে যুবকের রহস্যজনক মরদেহ উদ্ধার, বাবার চাঞ্চল্যকর অভিযোগ 'পরিকল্পিত হত্যা'!
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের ছোটধুশিয়া পশ্চিমপাড়া গ্রামে একটি পরিতিক্ত বাড়ির পাশের জমিতে আটকে থাকা পানি থেকে আলামিন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই মর্মান্তিক ও রহস্যজনক মৃত্যুর ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত আলামিন উপজেলার শিদলাই ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং অহিদ মেম্বারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার (২৯ জুলাই) ভোরে ছোটধুশিয়া পশ্চিমপাড়া গ্রামের একটি নবভরাটকৃত বাড়ির উত্তর-পশ্চিম পাশে জমিতে আটকে থাকা পানিতে স্থানীয়রা একটি মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহতের বাবার চাঞ্চল্যকর দাবি: নিহতের বাবা অহিদ মেম্বার এটিকে সাধারণ কোনো মৃত্যু নয়, বরং একটি পরিকল্পিত হত্যা বলে দাবি করেছেন। তিনি তার ছেলের হত্যার সুষ্ঠু তদন্ত, ঘটনার পেছনের আসল রহস্য উদ্ঘাটন এবং এর সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশের বক্তব্য এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, খবর পাওয়ার পর পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পরই মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে। পুলিশ আরও জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ