দিনাজপুরে এনজিও কর্মী গণধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার!
দৈনিক বিজয় নিউজ দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের চিরিরবন্দর থানায় দায়েরকৃত এনজিও কর্মী গণধর্ষণ মামলার এজাহারভুক্ত এক আসামিকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। এজাহার সূত্রে জানা যায়, ভিকটিম ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির রানীরবন্দর শাখার একজন কর্মী। পেশাগত দায়িত্ব পালনের সুবাদে মামলার ১ নম্বর আসামি মো. আতিকুল ইসলাম (২৪) ভিকটিমকে মোবাইল ফোনে জানায় যে, ৫-৬ জন ব্যক্তি ইন্স্যুরেন্স পলিসি করতে আগ্রহী। এরই প্রেক্ষিতে গত ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে একাধিকবার ফোন করে কৌশলে তাকে চিরিরবন্দর উপজেলার নশরতপুর ইউনিয়নের কোম্পানীর মোড় এলাকায় নিয়ে যাওয়া হয়। অভিযোগ অনুযায়ী, কথিত গ্রাহকের বাড়িতে যাওয়ার পথে আগে থেকে ওঁত পেতে থাকা ২-৬ নম্বর আসামিরা ভিকটিমকে জোরপূর্বক একটি ভুট্টা ক্ষেতে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় এক আসামি ঘটনাটি মোবাইল ফোনে ধারণ করে। একপর্যায়ে ভিকটিম অসুস্থ হয়ে পড়লে আসামিরা তাকে ফেলে রেখে পালিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিম দিনাজপুর জেলার চিরিরবন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মামলা নং-২২, তারিখ ৩০ জানুয়ারি ২০২৬ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৯(৩) ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২ এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু হয়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে আসামিদের গ্রেফতারে র্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর এবং র্যাব-০৪, সিপিসি-২, সাভারের যৌথ অভিযানে ৪ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ১২টা ২০ মিনিটে ঢাকা জেলার আশুলিয়া থানাধীন জিরাবো তৈয়বপুর সড়কে অভিযান পরিচালনা করে মামলার এজাহারভুক্ত ৫ নম্বর আসামি মো. ফরিদুল ইসলাম ওরফে হুলু (২৫)-কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
দৈনিক বিজয় নিউজ/ মোঃ আতিউর রহমান