কাভার্ডভ্যানের চাপায় রিকশা আরোহী নিহত।

কাভার্ডভ্যানের চাপায় রিকশা আরোহী নিহত।
ছবি: আবু নাঈম রিপন

দৈনিক বিজয় নিউজ শিবপুর নরসিংদী প্রতিনিধিঃ

নরসিংদীতে শুক্রবার ১৪ইং জুন কাভার্ডভ্যানের চাপায় নাঈম মিয়া (২৮) নামের এক রিকশা আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন রিকশাচালক। বিকেল বেলা সদর উপজেলার পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়কের নগর পাঁচদোনায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) একেএম শহিদুল ইসলাম সোহাগ। নিহত নাঈম মিয়া নরসিংদী সদর উপজেলার মাধবদী পৌরসভার টাটাপাড়া মহল্লার আনিস মিয়ার ছেলে, পেশায় খুচরা কাপড় বিক্রেতা।

পুলিশ ও স্থানীয়রা জানান, মাধবদী থেকে গজ ও প্রিন্ট কাপড় নিয়ে বিক্রির জন্য পলাশের ঘোড়াশাল ভ্রাম্যমান কাপড়ের বাজারে যাচ্ছিলেন নাঈম মিয়া। তাকে বহনকারী রিকশাটি পাঁচদোনা-টঙ্গী আঞ্চলিক সড়কের নগর পাঁচদোনার পোশাক কারখানা পাকিজা গ্রুপের মমটেক্স এর গেইটে পৌঁছালে বিপরীত দিক হতে আসা একটি কাভার্ড ভ্যান অপর একটি গাড়িকে পাশ কাটিয়ে সামনে আসার সময় রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশার যাত্রী কাপড় ব্যবসায়ী নাঈম মিয়ার মৃত্যু হয়। এসময় আহত হয় রিকশাচালক। স্থানীয়রা আহত অজ্ঞাতনামা চালককে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে পাঠিয়েছেন।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) একেএম শহিদুল ইসলাম সোহাগ জানান, দুর্ঘটনার পর প্রায় ৩০ মিনিট সড়কটিতে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে দমকল বাহিনী ও মাধবদী থানা পুলিশ কাভার্ড ভ্যানটি জব্দ করলেও চালক পালিয়ে যায়। পরে পুলিশ যান চলাচল স্বাভাবিক করাসহ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।

দৈনিক বিজয় নিউজ/ আবু নাঈম রিপন