নাইক্ষ্যংছড়িতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
দৈনিক বিজয় নিউজ নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধিঃ
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান। সভায় বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু হওয়া এ আন্দোলন পরবর্তীতে সরকার পতনের এক দফা দাবিতে রূপ নেয়। আন্দোলনে অসংখ্য মানুষ শহীদ ও আহত হন। বক্তারা বলেন, সাম্য, ন্যায়বিচার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছিল।
সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা এবং আহতদের প্রতি সমবেদনা জানানো হয়। ছাত্র প্রতিনিধি নুর ছাদেক বলেন, “আজও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য বিরাজ করছে।” তিনি জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। এ সময় বক্তব্য রাখেন ছাত্রদল নেতা মিজানুর রহমান, শাহাদাত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নাইক্ষ্যংছড়ি উপজেলা সভাপতি, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান তোফায়েল আহমেদ এবং উপজেলা বিএনপির নেতা নুরুল আলম কোম্পানি। তোফায়েল আহমেদ বলেন, “জুলাই কারও একার নয়, জুলাইয়ে সবার অবদান রয়েছে।” অন্যদিকে নুরুল আলম কোম্পানি সকল শহীদ ও আহতদের প্রতি শোক ও সমবেদনা জানিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “যাদের ভাবনায় পরিবর্তন আসেনি, তাদের কর্মে পরিবর্তন হবে না। তাই একটি বৈষম্যহীন ও উন্নত সমাজ গঠনে সকলের চিন্তা-চেতনায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে।” সভায় আরও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমাত জাহান ইতু, উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সুধীজন।
দৈনিক বিজয় নিউজ/ এম হাবিবুর রহমান রনি