রাজশাহী মোহনপুরে ৫০ লিটার চোলাই মদসহ আটক ২, অটোভ্যান জব্দ; পলাতক ১
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
রাজশাহীর মোহনপুর উপজেলার ঘাসিগ্রাম ইউনিয়নের গোছা গ্রামে বিশেষ অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ ও একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করেছে মোহনপুর থানা পুলিশ। এ সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও একজন পালিয়ে যায়। শনিবার (১ আগস্ট) দুপুরে গোছা গ্রামের চরফাটা ব্রিজসংলগ্ন কেশরহাট-গোছা সড়কে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার বেলনা (মধ্যপাড়া) গ্রামের মোয়েন উদ্দিন (৩৬) এবং নিখিল বাবু (৩৪)। নিখিল বাবু বর্তমানে মোহনপুর উপজেলার ঝালপুকুর এলাকায় তাঁর শ্বশুরবাড়িতে বসবাস করছেন। পলাতক আসামি নজরুল ইসলাম ওরফে নজু (৩৭) উপজেলার বাকশৈল গ্রামের বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, মোহনপুর থানার এসআই মো. আব্দুর রহিমের নেতৃত্বে এসআই মো. আনোয়ার হোসেন, এএসআই আশরাফুল হোসাইনসহ পুলিশের একটি চৌকস দল, বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় তিনজন সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে ধাওয়া করে দুইজনকে আটক করা হয়। অপর একজন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়।
আটক ব্যক্তিদের কাছ থেকে একটি প্লাস্টিকের বস্তায় রাখা ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোভ্যান জব্দ করা হয়েছে। পুলিশ জানায়, জব্দকৃত মাদক ও অটোভ্যানের আনুমানিক মূল্য প্রায় ৭৫ হাজার টাকা। মোহনপুর থানার এসআই ইয়ামিন আলী জানান, উদ্ধার হওয়া চোলাই মদ ও জব্দকৃত অটোভ্যান আইনগত প্রক্রিয়ায় জব্দ তালিকাভুক্ত করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, "মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। এলাকায় মাদক নির্মূল ও আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও চলবে।
দৈনিক বিজয় নিউজ / মোঃ রাজিব খাঁন