কুমিল্লা সীমান্তে কঠোর বার্তা: তিন বছরে জব্দকৃত প্রায় ৫২ কোটির মাদক ধ্বংস করল বিজিবি
দৈনিক বিজয় নিউজ বিশেষ প্রতিনিধিঃ
কুমিল্লার কোটবাড়িতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১০ ব্যাটালিয়নের সদর দপ্তর প্রাঙ্গণে গত তিন থেকে চার বছরে সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে জব্দকৃত প্রায় ৫২ কোটি টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আয়োজিত মাদক ধ্বংস কার্যক্রমের বর্ণাঢ্য এই সুধী সমাবেশের উদ্বোধন করেন সরাইল রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে বিস্তারিত তথ্য তুলে ধরে জানানো হয়, কুমিল্লা ১০ বিজিবি এবং সুলতানপুর ৬০ বিজিবি গত তিন থেকে চার বছর ধরে কুমিল্লার সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করে। আইনগত প্রক্রিয়া শেষে ধ্বংস করা এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ৫১ কোটি ৮৩ লাখ ৮৪ হাজার ১২৫ টাকা। মাদক চোরাচালান প্রতিরোধে কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বিজিবি কর্মকর্তারা জানান, পার্শ্ববর্তী দেশ থেকে বাংলাদেশে যেকোনো ধরনের মাদক প্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকার নিরাপত্তা ও নজরদারি আরও বহুগুণ জোরদার করা হচ্ছে। এই লক্ষ্য বাস্তবায়নে সীমান্তবর্তী সংবেদনশীল এলাকায় অত্যাধুনিক সিসিটিভি ক্যামেরা ও ড্রোনের ব্যবহার বাড়ানো হবে। পাশাপাশি, চোরাচালান চক্রকে রুখতে গোয়েন্দা তৎপরতা এবং নিয়মিত টহল কার্যক্রম আরও কঠোর করার পরিকল্পনা রয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা সেক্টর কমান্ডার কর্নেল রাকিবুল হাসান, জেলা প্রশাসক রোজী আক্তার, ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এবং র্যাব-১১ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলমসহ বিজিবি ও প্রশাসনের পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তারা।
দৈনিক বিজয় নিউজ/ সুমন আহমেদ