ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা ছেলে নিহত

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা ছেলে নিহত
ছবিঃ মোঃ নাজিমুল ইসলাম

দৈনিক বিজয় নিউজ ঠাকুরগাঁ প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে পাট কাটতে গিয়ে বজ্রপাতে বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এক মুহূর্তের প্রাকৃতিক দুর্যোগে পরিবারের দুই সদস্যকে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের পরিবেশ। বুধবার (১৫ জুলাই) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামের আনোয়ার প্রভু (৫৫) এবং তাঁর ছেলে নিমাই প্রভু (২৩)। স্থানীয় সূত্রে জানা যায়, বাবা-ছেলে নিজস্ব জমিতে পাট কাটার কাজে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ আকাশ কালো হয়ে বৃষ্টি শুরু হলে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাত সরাসরি তাঁদের ওপর আঘাত হানলে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুরো মোহাব্বতপুর গণেশপাড়া গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। একই পরিবারের দুই সদস্যকে একসঙ্গে হারিয়ে স্বজনরা বাকরুদ্ধ হয়ে পড়েছেন। প্রতিবেশীরা জানান, আনোয়ার প্রভু ছিলেন একজন পরিশ্রমী কৃষক এবং তাঁর ছেলে নিমাই বাবার সঙ্গে কৃষিকাজে সহযোগিতা করতেন। তাদের আকস্মিক মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে বর্ষা মৌসুমে বজ্রপাতের সময় খোলা মাঠ, কৃষিজমি ও উঁচু স্থানে অবস্থান না করার জন্য সকলকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

দৈনিক বিজয় নিউজ / মোঃ নাজিমুল ইসলাম