চট্রগ্রামের আনোয়ারায় বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেছে পেশাজীবী দল ও যুবদল
দৈনিক বিজয় নিউজ প্রতিনিধি:
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল ও বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। সংগঠন দুটির যৌথ উদ্যোগে ও মাননীয় সংসদ সদস্য সরওয়ার জামানের নির্দেশনায় পরিচালিত এ মানবিক সহায়তা কার্যক্রমে বন্যাদুর্গত পরিবারের মাঝে গতকাল জরুরি খাদ্য ও প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়া হয় এবং তাদের দুর্ভোগ লাঘবে সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আরিফুল ইসলাম জিয়া বলেন, প্রাকৃতিক দুর্যোগের এই কঠিন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত জনসেবার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সেই লক্ষ্য থেকেই যুবদলের সঙ্গে সমন্বয় করে এই ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শহিদুল ইসলাম রাসেল বলেন, বন্যাদুর্গত মানুষের পাশে থাকার অঙ্গীকার থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। এদিকে, বন্যাকবলিত মানুষের দুর্ভোগ দ্রুত কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করেন জাতীয়তাবাদী পেশাজীবি, ও জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। একই সঙ্গে তারা দেশকে সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদ রাখার জন্যও মহান আল্লাহ পাক এর কাছে দোয়া কামনা করেন।
দৈনিক বিজয় নিউজ/ এম এ খালেক খান