ভাঙ্গায় বাস-পিকআপ সংঘর্ষ: নিহত ২, আহত ২৯
দৈনিক বিজয় নিউজ ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে একটি পিকআপ ভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে পড়ে গেলে অন্তত ২৯ জন আহত হন সোমবার (১৩ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ড এলাকার ফরিদপুর-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ভাঙ্গা পৌরসভার কৈডুবি সদরদী মহল্লার বাসিন্দা ও বাঙ্গি (পান) ব্যবসায়ী জাহাঙ্গীর মোল্লা (৪০) ও আলমগীর শেখ (৫০)।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি হেলাল উদ্দিন জানান, ‘শাহ ফরিদপুর পরিবহনের যাত্রীবাহী বাসটি ফরিদপুর থেকে মাদারীপুরের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর বাসটি মহাসড়কের পাশে পড়ে যায়। ভাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আবু জাফর বলেন, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক জাহাঙ্গীর ও আলমগীরকে মৃত ঘোষণা করেন। অন্য ২৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে পিকআপটির চালকও রয়েছেন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তানসিভ জুবায়ের বলেন, ‘দুর্ঘটনায় দুই জন নিহত ও ২৯ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত ১২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
দৈনিক বিজয় নিউজ/ ই