রংপুরে সাংবাদিকদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ

রংপুরে সাংবাদিকদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ
ছবিঃ আতিকুর রহমান

দৈনিক বিজয় নিউজ পীরগাছা (রংপুর) প্রতিনিধিঃ

রংপুর বিভাগের সাংবাদিকদের মেধাবী সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়েছে। শনিবার দুপুরে রংপুর জেলাপ্রশাসকের সম্মেলনকক্ষে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, মাদ্রাসা, স্নাতক ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলাপ্রশাসক মোহাম্মদ এনামুল আহসান। বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ও রংপুর সাংবাদিক ইউনিয়ন যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় ব্যবস্থাপনা পরিচালক বলেন,সাংবাদিকদের পরিবারের ওপর অর্থনৈতিক চাপ কমাতে সরকার সাংবাদিকদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি চালু করেছে। ট্রাস্টের নীতিমালা অনুসারে ৬ষ্ঠ শ্রেণি থেকে স্নাতক
পর্যন্ত সাংবাদিক সন্তানদের এই শিক্ষাবৃত্তি অন্তর্ভূক্ত করা হয়েছে।

সাংবাদিকদের অনুদান প্রসঙ্গে তিনি বলেন,কোনো অসুস্থ কিংবা অসচ্ছল সাংবাদিক এবং মৃত সাংবাদিকের পরিবারের সদস্য কল্যাণ অনুদানের জন্য যেকোনো সময় নির্ধারিত ফর্মে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আবেদন করতে পারবেন। আবেদন বিবেচনার ভিত্তিতে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট কল্যাণ অনুদান মঞ্জুর করবে। সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের কল্যাণ অনুদানপ্রাপ্তি একটি চলমান প্রক্রিয়া। তিনি প্রবীণ সাংবাদিকদের অবসরকালীন ভাতা প্রসঙ্গে বলেন, সাংবাদিক অনেকে কম বেতন পান ফলে তাঁদের পরিবার পরিচালনা করা কষ্টকর। এজন্য প্রবীণ সাংবাদিকদের অবসরকালীন মাসিক ভাতা প্রদানে সরকার কাজ করছে।
এছাড়াও সাংবাদিকতাকে উৎসাহিত করতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট সাংবাদিকদের ফেলোশিপ প্রদানের উদ্যোগ নিয়েছে। বস্তুনিষ্ঠ, সত্য তথ্য প্রচার এবং সমাজের প্রকৃত চিত্র তুলে ধরতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান ।

এসময় রংপুর সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক এবিএম রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) রমিজ আলম, রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক প্রমূখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা,সাংবাদিকদের মেধাবী সন্তান ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। রংপুর বিভাগের সাংবাদিকদের ৯৪ শত জন মেধাবী সন্তানদের মাঝে চেক এবং ৪১ জন সাংবাদিকের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।

দৈনিক বিজয় নিউজ/ আতিকুর রহমান